আফগানিস্তানের মাটি ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহূত হতে পারে এমন আশঙ্কা শুরু থেকেই রয়েছে ভারতের। এর মধ্যেই তালেবান মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, মুসলিম হিসেবে কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার আমাদের রয়েছে। শুধু ভারত নয়, অন্য যে কোনো দেশের মুসলিমদের পক্ষে তালেবান সরব হতে পারে। তবে কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়ার নীতি এখন তাদের নেই বলে জানিয়েছেন তিনি। ভারতের এনডিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাত্কারে তালেবান মুখপাত্র বলেন, মুসলিম হিসেবে কাশ্মীরসহ যে কোনো দেশের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার আমাদের রয়েছে। আমরা বলব, মুসলিমরাও আপনাদের নিজেদের নাগরিক। আপনাদের আইন অনুযায়ী মুসলিমরাও সমান অধিকার পাওয়ার দাবিদার। খবরে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান বলেছিল যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কয়েক দিনের ব্যবধানে তাদের বক্তব্য পালটে গেছে।
গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আফগানিস্তানের মাটি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহূত হবে না সেটা নিশ্চিত করাই এখন ভারতের প্রধান লক্ষ্য।
