শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

প্রিয় জন্মভূমি শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত হলেন সংসদ সদস্য, সাবেক শিল্প উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান স্বপন। শুক্রবার বাদ জুমা শাহজাদপুর হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষের ঢল নামে শাহজাদপুরে।

বাদ জুমা শাহজাদপুর হাই স্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাদপুর চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শেষবারের মতো শাহজাদপুরের দ্বারিয়াপুরের বাসায় আনা হয় হাসিবুর রহমান স্বপনের মরদেহ। বেলা ১১টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে প্রথমে পাবনার বেড়ায় খালেকুজ্জামান স্টেডিয়ামে তার কফিন নামানো হয়। সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে দ্বারিয়াপুরের বাসায় আনা হয়।

জুলাই মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি বেশ কিছুদিন চিকিত্সাধীন ছিলেন। উন্নত চিকিত্সার জন্য তাকে তুরস্ক নেওয়া হয়। ইস্তাম্বুল মেমোরিয়াল হসপিটালে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রাজধানীর বনানীতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।