চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতার, বোট ক্লাব প্রতিষ্ঠা এবং মুনিয়ার আত্মহত্যা—এই তিন বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল শুক্রবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান।
হারুন বলেন, ‘দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটেছে। ঢাকাসহ বিভিন্ন অভিজাত এলাকায় হাউজ পার্টি, ডিজে পার্টির নামে মাদকের ব্যাপক বিস্তার ঘটছে। বোট ক্লাবের একটি ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় এসেছিল। নদীতীরবর্তী জায়গায় বোট ক্লাব স্থাপন করা হয়েছে কি না, তা জানতে চাই। বোট ক্লাবে নিয়মিত মদ্যপান, তাস ও জুয়া খেলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেপরোয়া যেসব কর্মকাণ্ড, মাদক কারবারের সঙ্গে তারাও জড়িয়ে পড়েছে।’
বিএনপির এই এমপি বলেন, পরীমনিকে গ্রেফতার ও জামিনের ঘটনাও বেশ নাড়া দিয়েছে। তার বাসায় অভিযান চালিয়েছিল র্যাব। র্যাব নিজেরা এ ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছিল। কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এদের যারা ব্যবহার করছে তাদের চিহ্নিত করা দরকার। মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলা তদন্তের জন্য নতুন করে র্যাবকে দায়িত্ব দেওয়া হবে কি না—এ বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন হারুন।
