ধর্ষণ ও অপহরণের অভিযোগে ভোলা জেলা কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুণী। গত বৃহস্পতিবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত কারারক্ষী বরিশালের বাকেরগঞ্জের টৈংরাখালীর নুরুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩)।
মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেন, এইচএসসিতে পড়ার সময় আসামি সজিব হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। চলতি বছরের ২৫ জানুয়ারি আসামির বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তাকে বরিশাল নগরীর ‘হোটেল আলী ইন্টারন্যাশনালে’ নিয়ে যায়। সেখানে অবস্থানকালে ধর্ষণ শেষে সজীবের বোন আসবে না জানিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর ফের বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণ করে। এ ঘটনার পর চলতি বছরের ২৬ মার্চ নগরীর প্যারারা রোডের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে বসে মেয়ের অভিভাবকসহ কাজীর মাধ্যমে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর ৫ লাখ টাকা যৌতুক দাবি করে ঐ তরুণীকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে ৩০ আগস্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ঐ তরুণী জানতে পারেন সজিব তাকে তালাক দিয়েছে। বিয়ের আগে ভুল বুঝিয়ে দুই বার ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে ঐ তরুণী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল মডেল কোতোয়ালি থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
