ল্যাথামের লড়াই ছাপিয়ে বাংলাদেশের জয়

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩

শেষ ৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২০ রান। বাংলাদেশের নির্ভরতা মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওভারের চার বলে বাঁহাতি এ পেসার দিয়েছেন ৭ রান। পঞ্চম বলটা ব্যাক হ্যান্ড স্লোয়ার মারতে গিয়ে ‘নো বল’ হয়ে গেল। টম ল্যাথামের ব্যাটে লেগে বল ফাইন লেগ দিয়ে সীমানা পার হয়। বাংলাদেশের বুকে যেন কাঁপন ধরিয়েছিল ল্যাথামের চার। মুহূর্তেই রঙ বদলে জমে উঠেছিল ম্যাচ। কিন্তু পরের দুই বলে ৩ রানের বেশি দেননি মুস্তাফিজ।

ক্ষণিকের দোদুল্যমান সময়কে পাশ কাটিয়ে গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের   সিরিজে ২-০ তে এগিয়ে গেল টাইগাররা। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বৃষ্টি ছিল না, সূর্যের তাপ লেগেছে উইকেটে, রানও ফিরেছে মিরপুর স্টেডিয়ামের উইকেটে। ব্যাটসম্যানরা রান পাওয়ায় গতকাল তাই লড়াইও বেশ জমেছে, লো স্কোরিং ম্যাচের প্রদর্শনী হয়নি। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ল্যাথামের হাফ সেঞ্চুরির পরও ৫ উইকেটে ১৩৭ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড। অপরাজিত ৩৭ রান করে ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ।

রান তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ল্যাথাম-ইয়াংয়ের ৪৩ রানের জুটি ভাঙেন সাকিব। ইয়াং ২২ রান করে ফিরেন। গ্র্যান্ড হোম, নিকোলসরা দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে লড়াইটা চালিয়ে গেছেন ল্যাথাম। ইনিংসের তৃতীয় ওভারে নেমেছিলেন, অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ষষ্ঠ উইকেটে ম্যাককনকির সঙ্গেও ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কিউই অধিনায়ক। ৪৯ বলে অপরাজিত ৬৫ রান করেন ল্যাথাম, ম্যাককনকি অপরাজিত ১৫ রান করেন। বাংলাদেশের সাকিব, মেহেদী ২টি করে, নাসুম ১টি উইকেট পান।

এর আগে নড়বড়ে শুরুর পরও লিটন দাস, নাঈম শেখের ওপেনিং জুটিতে এসেছিল ৫৯ রান। তাদের এনে দেওয়া ভিত অবশ্য ভালোভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পরপর দুই ওভারে লিটন, মুশফিক, সাকিব আউট হওয়ায়। ১৬তম ওভারে রবীন্দ্রর বলে ক্যাচ দেন ওপেনার নাঈম শেখ। ষষ্ঠ উইকেটে সোহানের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ। ইনিংসের শেষ বলে ১৩ রান করে সোহান আউট হন। একপ্রান্ত আগলে থাকা মাহমুদউল্লাহ অপরাজিত ৩৭ রান করেন। নাঈম শেখ ৩৯, লিটন ৩৩, সাকিব ১২ রান করেন। নিউজিল্যান্ডের রবীন্দ্র ৩টি, প্যাটেল, ম্যাককনকি, বেনেট ১টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ :২০ ওভারে ১৪১/৬

নিউজিল্যান্ড :২০ ওভারে ১৩৭/৫

ফল :বাংলাদেশ ৪ রানে জয়ী

ম্যাচ সেরা :মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ)