রংপুরের কাউনিয়া থেকে অপহূত দুই স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপহরণ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাকির হোসেন লিটন ও হাসিনা বেগম নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মেট্রোপলিটন গাছাথানা ও পূবাইল থানাধীন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রেফতার নাকির হোসেন লিটন কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের হাসেম আলী ছেলে ও হাসিনা বেগম চণ্ডিপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, গত বছরের ১০ মার্চ সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির ঐ স্কুলছাত্রী (১৬) নিখোঁজ হয়। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর মেয়েটির বাবা জানতে পারেন নাকির হোসেন লিটনের প্রলোভনে তার মেয়ে ঢাকায় অবস্থান করছে। এ ঘটনায় মেয়েটির বাবা লিটন ও তার পিতা হাসেম আলীকে আসামি করে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর লিটনকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মতে গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গাছা থানাধীন খাইলকুর গ্রামে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
