বিদেশগামী যাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করার জন্য সংসদে দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এই দাবি জানান।
মোছলেম উদ্দিন বলেন, যারা এখন বিদেশ যাচ্ছেন তাদের করোনার পরীক্ষা করে যেতে হয়। কিন্তু পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ার কারণে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রার ছয় ঘণ্টা আগে পরীক্ষার ফলাফল জমা দিতে হয়, যে কারণে অনেকেই ভোগান্তির শিকার হন। এই ভোগান্তি থেকে রক্ষায় তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখার দাবি জানান।
