যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংসদকে জানিয়েছেন, সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করবে মন্ত্রণালয়। ক্রীড়া পরিদপ্তর থেকে চলতি অর্থবছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়াসামগ্রী দেওয়া হবে—তার তালিকাও তৈরি করা হয়েছে। গতকাল শুক্রবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান।
প্রতিমন্ত্রী রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নির্বাচনি এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট আটটি, ব্যাডমিন্টন র্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক তিন বক্স, ব্যাডমিন্টন নেট তিনটি, হ্যান্ডবল (সাইজ-১) চারটি, হ্যান্ড বল (সাইজ-২) চারটি, দাবা সেট আটটি, ক্যারাম বোর্ড সেট দুটি, ক্রিকেট সেট তিনটি বরাদ্দ দেওয়া হয়েছে।
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের সাতটি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লায় ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।
