জাতীয় সংসদ ভবনের গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আব্বাস (৩৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসান নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাত সোয়া ৯টায় তাকে মৃত বলে জানান।
হাসান সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটের সামনে দ্রুতগামী একটি প্রাইভেটকার আব্বাসের রিকশার পেছন থেকে ধাক্কা দিলে আব্বাস রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ধাক্কা দেওয়া প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। হাসান আরো জানান, আব্বাস জানিয়েছিলেন তার বাড়ি ভোলা জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত আব্বাসের লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে শেরে বাংলা নগর থানাকে অবহিত করা হচ্ছে। তারা ঘাতক প্রাইভেটকারটি চিহ্নিত করার চেষ্টা করছে।
