ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৪

পুরান ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলার সময় অংশগ্রহণকারীরা প্রেসক্লাবের রাস্তায় মেয়রের কুশপুত্তলিকা জ্বালান। মানববন্ধনে পুরান ঢাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, ‘সঠিক কর্মপরিকল্পনার অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। ঢাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা মেয়রের পদত্যাগ দাবি করছি।’

মানববন্ধনে অংশ নেওয়া সাইফুল্লাহ নবীন নামের এক ব্যক্তি একটি প্রতীকী ডেঙ্গু মশার ভাস্কর নিয়ে আসেন। তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে সিটি করপোরেশনের কোনো কাজ দেখছি না।’