২২ বছরেও সংযোগ সড়ক না হওয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী বিলের মধ্যে নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ইটবোঝাই একটি নৌকার ধাক্কায় নয়াখালে সেতুটি ভেঙে পড়ে। সেতুটি ভেঙে নৌকার ওপর পড়লে ইটসহ এটি ডুবে যায়। বনগজ গ্রামের বাসিন্দা কামরুজ্জামান লালু জানান, সকালে প্রায় ৭ হাজার ইটবোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মধ্যবর্তী পিলারে ধাক্কা দিলে সেতুটির আংশিক ভেঙে যায়। এ সময় ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি পানিতে ডুবে যায়। তবে মাঝিসহ সহযোগীদের থাকার কক্ষটি নৌকার পেছন দিকে থাকায় তারা অক্ষত আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসীর দাবির মুখে ১৯৯৯ সালে ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসনের তত্কালীন সংসদ সদস্য শাহ আলম বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। আখাউড়া উপজেলা এলজিইডি এর নির্মাণকাজ বাস্তবায়ন করে। উত্তর-দক্ষিণে লম্বালম্বী সেতুটির দুই গোড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচুতে সেতুটি ঝুলে আছে। ফলে এতে কেউ উঠানামা করেনি দীর্ঘ ২২ বছর। এ ব্যাপারে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ইউএনওর মাধ্যমে সেতুটি ভেঙে যাওয়ার খবর পেয়ে উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
