রাজধানীর লালবাগের ডুরি আঙ্গুল লেনের এক বাড়ির ছাদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে স্থানীয়দের থেকে খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই শিশুর বয়স আনুমানিক ১২ বছর। বাড়ির ছাদের এক কোণে হাত বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন মোল্লা জানান, ডুরি আঙ্গুল লেনের ৪৭/১ নম্বর ভবনের পাঁচতলায় এক দম্পতি থাকে। তাদের ঘরের অদূরের পানির ট্যাংকির পাশে শিশুটির লাশ পড়ে ছিল। কখন কীভাবে খুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, শিশুটিকে অন্য কোথাও হত্যা করেও লাশ এখানে ফেলা হতে পারে। কারণ ঘটনাস্থলে তেমন কোনো আলামত ছিল না।
