নোয়াখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

নোয়াখালী প্রতিনিধি

জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরউরিয়া গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার আগে ওই গ্রামের মালেক সর্দারের বাড়িতে ডাকাতি করতে এসে গণপিটুনিতে গুরুত্বর আহত হয় ওই ব্যক্তি। পরে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান নাসের জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চুরি ও ডাকাতি সংঘঠিত হয়ে আসছে। এতে এলাকাবাসী রাতে পাহারা বসায়। গভীর  রাতে একদল ডাকাত এলাকায় ডাকাতি করতে আসলে এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণপিটুনি দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।