আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি
বাংলা
মোছাম্মদ ফেরদৌসী আক্তার, প্রধান শিক্ষক
খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
হাতীবান্ধা
নিচের অনুচ্ছেদ পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।’ কবির এ কথার অর্থ— আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব । সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এ রকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরে অনেক বাঙালি আছে।
১। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ (৭টির মধ্যে ৫টি): সার্থক, জনম, সৌভাগ্য, বৈচিত্র্য, পার্বত্য, ক্ষুদ্র, জাতিসত্তা।
২। নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও: (ক) আমাদের জন্ম কেন সার্থক হয়েছে? দুটি বাক্যে লেখ।
(খ) বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে চারটি বাক্য লেখ।
(গ) বাংলাদেশের গৌরবের বিষয় কী? চারটি বাক্যে লেখ।
নিচের অনুচ্ছেদ পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ। বিভিন্ন ঋতুর প্রকৃতির রং ও রপের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। এদেশের মানুষের কণ্ঠে কত কথা, কত গান। এসব গান মানুষের শ্রমের ফসলের কথা বলে, বলে বহমান নদীর কথা। কোনো গায়ক একতারা বা দোতারা হাতে নেচে নেচে গান করেন। হারমোনিয়াম, তবলা, বাঁয়া ও বাঁশি ইত্যাদি যন্ত্র প্রায় সব গানের সঙ্গেই চলে। ভাটিয়ালি, এদেশের গ্রামগঞ্জের মাঝিমাল্লাদের গান। বাংলাদেশের মাঝিমাল্লারা নদীপথে চলাচল করে গঞ্জ থেকে গঞ্জে, বন্দর থেকে বন্দরে। হাল ধরে মাঝি ভাটির টানে ভাসতে ভাসতে গান গায়, তাই এর নাম ভাটিয়ালি। টানা টানা সুরে, নৌকা ছেড়ে মাঝি যখন গান ধরে তখন মনটা কেমন উদাস হয়ে যায় । সারি গান এদেশের আরও একটি প্রিয় গান। নৌকার মাঝিরা সারি বেঁধে বসে বৈঠার তালে তালে যে গান করে আর নৌকা চালায় তাকে সারি গান বলে। সারি গানের ভেতর দিয়ে নৌকা বাইচ বেশ জমে ওঠে। নদীর বুকে সারি সারি নৌকা স্রোতের টানে ভেসে চলে। গানের তালে তালে নৌকা যেন নদীর বুকে উড়াল দিয়ে এগিয়ে চলে। আনন্দ আর উদ্দীপনা সৃষ্টিই এ গানের উদ্দেশ্য। এসব লোকসংগীত আমাদের ঐতিহ্য। এগুলো আমাদের সম্পদ।
৩। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেয়া হলো উপযুক্ত শব্দটি দিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ কর:
শব্দ শব্দার্থ
গায়ক যে গান গায়
স্রোত প্রবাহ
উদাস আনমনা
সারি মাঝিমাল্লাদের গান
উদ্দীপনা উত্সাহ/প্রেরণা
স্বদেশ নিজের দেশ/জন্মভূমি
(ক) বাংলাদেশ আমার প্রিয় —।
(খ) আব্বাসউদ্দীন বাংলাদেশের জনপ্রিয় — ছিলেন।
(গ) জারি ও—— গান আমাদের জাতীয় —।
(ঘ) প্রাকৃতিক গ্যাস আমাদের জাতীয় — ।
(ঙ) মিলন — মনে আকাশের দিকে তাকিয়ে আছে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : (ক) ভাটিয়ালি গান কাকে বলে? তিনটি বাদ্যযন্ত্রের নাম লেখ।
(খ) ভাটিয়ালি ও সারি গান কেন বাঁচিয়ে রাখতে হবে তা পাঁচটি বাক্যে লেখ।
(গ) বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ সৃষ্টিতে তুমি কী করবে তা পাঁচটি বাক্যে লেখ।
৫। প্রদত্ত ক্রিয়াপদের চলিতরূপ লেখ:(৭টির মধ্যে ৫টি)
থাকিবে, বলিব, করিতে, আসিয়াছে, করিয়াছেন, বহিয়া, ধরিতেছে।
পরের অংশ আগামীকাল
