বিনোদন রিপোর্ট
এদেশের শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবুর অভিনয়ের ভক্ত যেমন অগণিত, তেমন একজন দারুণ কণ্ঠশিল্পী হিসেবেও তার অনুরাগীর সংখ্যা কম নয়।
পরিচালক সমিতির নেতা ও একাধিক ব্লকবাস্টার ফিল্মের নির্মাতা বদিউল আলম খোকন প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম। নাম ‘মুর্শিদ’। তার সেই ছবিতেই দেশের অন্যতম সু-অভিনেতা ফজলুর রহমান বাবুর কণ্ঠ। ছবিটির শিরোনাম গানে কণ্ঠ দিলেন এই অভিনেতা।
গানটির কথা লিখেছেন আমিরুল হাছান। এর সুর-সংগীত করেছেন মুরাদ নূর। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে।
গানটি প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি আগাগোড়া একজন অভিনয়ের মানুষ। গান করি কেবল শখে। এ গানটি বেশ উপভোগ করে গেয়েছি। এর কথা ও সুরে মেধার পরিচয় আমাকে আরো উত্সাহ জুগিয়েছে।’
পরিচালক বদিউল আলম খোকন জানান, গানটি নিয়ে শিগগিরই শুটিং-এ নামছেন তিনি। এছাড়া মুর্শিদ গানটি খব জলদিই ইউটিউবে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
