নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নানা সংকটে ভালো নেই নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠি বন্দরের কামারশিল্পীরা। একসময়ের কর্মব্যস্ত এই শিল্প এখন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সঞ্জয় কর্মকার বলেন, ‘একসময় কৃষি ও গৃহস্থালি কাজে ব্যবহূত অধিকাংশ লৌহজাত যন্ত্রপাতি কামারেরাই তৈরি করতেন। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন সেগুলোর প্রয়োজনীয়তা কমছে। আমাদের আয়ও কমছে। ফলে বাপ-দাদার এই পেশা আমরা ধরে রাখলেও ছেলেসন্তানেরা অন্য পেশায় চলে গেছে।’ হরেকৃষ্ণ কর্মকার জানান, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি, লোহার দাম বৃদ্ধি, কারিগরের সংকট, শ্রমিকদের মজুরি বেড়ে যাওয়া, কয়লার সংকটের কারণে বিলুপ্তির পথে শ্রীরামকাঠির কামারশিল্প।
