মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
মহামারির এই দুর্যোগে অনেকের হাতে কাজ নেই। শ্রমজীবীরা হয়ে পড়েছেন অসহায়। কম দামে পণ্য কিনতে রাণীনগরে মানুষ লাইন দিচ্ছেন টিসিবির ট্রাকের পেছনে। অতিরিক্ত ভিড়ে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। অন্যদিকে টিসিবির ডিলারদের বিরুদ্ধে উঠছে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও অন্যান্য স্থানে সপ্তাহে তিন দিন করে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কিন্তু এ সময় মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। ভ্রাম্যমাণ গাড়ি এলেই শত শত মানুষ হুমুড়ি খেয়ে পড়ছেন ট্রাকের সামনে। পণ্য কিনতে আসা অনেকেই অভিযোগ করে বলেন, অনেক ক্রেতা ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করার পর এই পণ্যগুলো পাচ্ছে। আবার প্রভাবশালী অনেকে আড়ালে থেকেও পণ্যগুলো নিয়ে যাচ্ছেন। তাছাড়া অনেক ডিলার পণ্য মজুত রেখেও বেশি দামে দোকানে কিংবা নির্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করেন। এতে করে প্রতারিত হচ্ছেন লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘প্রথম দিকে একাধিক ডিলারকে বিভিন্ন অনিয়মের অভিযোগ জরিমানা করেছি। এরপর থেকে সঠিকভাবে এই পণ্য বিক্রির লক্ষ্যে আমি একজন কর্মকর্তাকে মনিটরিংয়ের দায়িত্বে রাখি। কিন্তু পণ্য নিতে আসা এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা একজনের পক্ষে অনেক কষ্টসাধ্য বিষয়। পরবর্তী সময়ে আমি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব পালনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।
