স্কুলে ফিরতে ব্যাকুল শিক্ষার্থীরা!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:১৫

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

আগামী ১২ সেপ্টেম্বর একযোগে খুলতে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা। আর এমন খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ব্যাকুল হয়ে উঠে স্কুল-কলেজে গিয়ে পাঠগ্রহণের জন্য।

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গৃহবন্দি শিক্ষার্থীরা ঝিমিয়ে পড়ে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়িয়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এ খবর বিভিন্ন টেলিভিশন, পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্ফুল্ল হয়ে ওঠে। কচুয়া সানরাইজ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিহা আক্তার নুহা ও কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী দুর্জয় পোদ্দার টুসু বলে, আগামী ১২ সেপ্টেম্বর স্কুল খুলছে। তাই বই, খাতা, ব্যাগ ও স্কুল ড্রেস গুছিয়ে রাখছি। এখন স্কুলে যাওয়ার অপেক্ষা করছি। কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবেদা সুলতানা, অরনিসহ অনেকেই বলে, স্কুল খুলে দেওয়ার খবরে মনে হচ্ছে বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছি। নূরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ উদ্দিন ও গুলবাহার আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, স্কুল খোলার খবরে আমাদের হতাশা কেটে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস চালুর জন্য সব প্রস্তুতি গ্রহণে ব্যস্ত রয়েছি।