বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
বাসাইলে শুক্রবার রাতে ভিমরুলের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাজমুল (২৫)। তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঐ রাতে নাজমুল ঘাটে নৌকা বাঁধতে যান। এ সময় নৌকা চালানোর লগি ভিমরুলের বাসার সঙ্গে লাগায় ভিমরুলের ঝাক ধরে উড়ে এসে তাঁর শরীরের বিভিন্ন স্থানে হুল বসিয়ে দেয়। এতে তাঁর শরীরে যন্ত্রণা শুরু হয়। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে নাজমুলের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা মেডিক্যাল অফিসার ডা. আরিফ বলেন, হাসপাতালে দেরি করে আনায় ভিমরুলের কামড়ে অতিরিক্ত বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়।
