ইবিতে সশরীরে পরীক্ষা
ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার সশরীরে পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে প্রশাসন। বিভাগ চাইলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে এ সময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের ২০২০-২১ বর্ষের হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু এ বিষয়ে বলেন, একই দিনে কোনো বিভাগ একটি ব্যাচের বেশি পরীক্ষা গ্রহণ করবে না। যেসব বর্ষের শিক্ষার্থী আবাসিক সুবিধা না নিয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক, বিভাগসমূহ শুধু তাদের পরীক্ষা গ্রহণ করবে। এ বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, বিভাগসমূহ ১২ সেপ্টেম্বর থেকে অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। এছাড়া ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এই সময়ের ফি শিক্ষার্থীদের প্রদান করতে হবে না। কোনো শিক্ষার্থী হল ও পরিবহন ফি প্রদান করে থাকলে তা অবশ্যই ফেরত পাবে।
