রায়গঞ্জে পাটের ভালো দাম পেয়ে কৃষক খুশি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা চলতি মৌসুমে রায়গঞ্জে পাটের ভালো দাম পেয়ে কৃষক বেশ খুশি। উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি মণ তোষা পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায়। আর দেশি পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে পাট উত্পাদন হয়েছে ৮ থেকে ১১ মণ। খরচ হয়েছে ১১ থেকে ১৪ হাজার টাকা। সব খরচ বাদে পাটের মণপ্রতি লাভ হচ্ছে এক থেকে দেড় হাজার টাকা। রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭৭০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ২০ হেক্টর বেশি। ফলন ভালো হয়েছে। বাজারেও দাম বেশ ভালো।
সুজানগরে আট জুয়াড়ি গ্রেফতার
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে একটি জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হেমরাজপুর গ্রাম থেকে তাদের আটক করে সুজানগর থানা পুলিশ। এ সময় জুয়াড়িদের কাছ থেকে ২৬ হাজার ৩০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতরা হলো রহমত আলী, খলিল, সুমন, আনিস, পল্টন মন্ডল, রফিকুল, মুছা ও লালন। এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালায় যুবকের লাশ উদ্ধার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় নজরুল ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খলিলনগর গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের ওয়াজেদ আলী গোলদারের ছেলে। এ বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধীন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু প্রমুখ।
ডামুড্যায় বিট পুলিশিং সভা
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে শনিবার বিট পুলিশিং-এর সভা অনুষ্ঠিত হয়েছে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দারুল আমান আইনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোক্তার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন ডামুড্যা থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম। এছাড়া বিশিষ্ট সমাজসেবক মো. শাহে আলম বেপারী, অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
মোটরযান চালকদের প্রশিক্ষণ
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে ৬০ জন মোটরযান চালককে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াত্ ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম প্রমুখ।
ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি সাধারণ মানুষদের হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিতে লক্ষ্মীপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের উত্তর তেমুহনী মোড়ে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। পরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
