কেন্দ্রীয় ১৪ দলের প্রচারণা টিম গঠন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৪৯

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রচার কমিটি গঠন করা হয়েছে। ২৪ সদস্যের এই প্রচার কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

গতকাল শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এই কমিটি নির্বাচন আচরণ-বিধির সাথে সংগতি রেখে সারাদেশে আওয়ামী লীগ ও ১৪ দলের মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সদস্যরা হলেন- জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল  ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, ন্যাপ’র কার্যকারী সভাপতি আমিনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার মো: আরশ আলী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, গণ-আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস. কে শিকদার, মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য কমরেড লুত্ফর রহমান, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক  ডা. ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায় ও বাসদের সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী।

কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের এই প্রচার কমিটি গ্রামে-গঞ্জে সভা-সমাবেশ করবে। এছাড়া মহান বিজয় দিবসে প্রতিটি জেলা-উপজেলায় বিজয় মঞ্চ তৈরি করা হবে। এই মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাসসহ নির্বাচনী প্রচারণা চালানো হবে।’

২০ নভেম্বর মতবিনিময় সভা

আগামী ২০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ ৩/এ সড়কে অবস্থিত প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দলের সাথে মুক্তিযোদ্ধাদের সংগঠনসমূহ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।