ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫ দশমিক ৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। পুরো সপ্তাহের হিসেবে ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৪ দশমিক ৮০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৪ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৯ দশমিক ৭০ টাকা বা ২৮ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইনসিওরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ২৬ দশমিক ৮২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২১ দশমিক ১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ২০ দশমিক ৯৩ শতাংশ, ইসলামী ইনসিওরেন্সের ১৯ দশমিক ০৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১৮ দশমিক ৮৬ শতাংশ, নর্দার্ন জুটের ১৮ দশমিক ১১ শতাংশ, সমতা লেদারের ১৮ দশমিক ০৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৭ দশমিক ০১ শতাংশ এবং বিডি অটোকার্সের শেয়ার দর সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
