কিউবায় খুলছে স্কুল শিশুরাও পাবে টিকা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

এএফপি

কিউবান কর্তৃপক্ষ কোভিড-১৯ মোকাবিলায় দুই থেকে ১৮ বছরের শিশুদের টিকা দিতে  শুক্রবার জাতীয় প্রচারণা কর্মসূচি শুরু করেছে। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সরাসরি শিক্ষাদানের জন্য স্কুলগুলো ধাপে ধাপে ফের খুলে দিতে কমিউনিস্ট সরকার পরিবেশ তৈরির জন্য এ টিকাদান কর্মসূচি শুরু করল। এই কর্মসূচির আওতায় দেশটিতে প্রথম ধাপে ১২ ও এর বেশি বয়সের শিশুদের টিকা দেওয়া হবে। তারা দেশে তৈরি দুইটি টিকা আব্দালা ও সোবেরানার মধ্যে একটি টিকা নেবে। পরে পর্যায়ক্রমে আরো ছোট শিশুদের টিকা দেওয়া হবে। ২০২০ সালের মার্চ থেকে কিউবার অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে এবং তার পর থেকে শিক্ষার্থীরা দেশের টেলিভিশনে দেওয়া শিক্ষা কার্যক্রম অনুসরণ করে আসছে।

সোমবার শিক্ষাবর্ষ শুরু হওয়ায় উপযুক্ত সকল শিশুকে টিকা না দেওয়া পর্যন্ত তারা দূর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। ১৭ বছর বয়সি লরা লন্তিগুয়া কিউবার রাজধানী হাভানায় সৌল দেলগাদো উচ্চ বিদ্যালয়ে তিনটি টিকার প্রথম ডোজ নিতে এসেছিল। সে এএফপিকে বলে, ‘আমি সর্বদা টিকা নিতে চেয়েছি।’ সে জানায়, চিকিত্সকরা তার রক্তচাপ ও তাপমাত্রা পরীক্ষা করে তাকে প্রথম ডোজ টিকা দেয়। টিকা নেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কি না, তা নিশ্চিত হতে তাকে এক ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। লন্তিগুয়া বলেছে, ‘আমি স্বাভাবিক রয়েছি এবং ভালো অনুভব করছি।’