করোনা :নিউজিল্যান্ডে ছয় মাস পর প্রথম মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

নিউজিল্যান্ডে ছয় মাস পর গত শুক্রবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। এটি দেশটিতে ডেলটা ভ্যারিয়েন্টে এবং করোনায় আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারির পর প্রথম মৃত্যুর ঘটনা।

দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  ৯০ বছরের এক নারী মারা গেছেন। ঐ নারী আগে থেকেই বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া তিনি ২৭তম এবং চলতি বছরের ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

এদিকে নিউজিল্যান্ডে শনিবার নতুন করে আরো ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই অকল্যান্ডের বাসিন্দা। নিউজিল্যান্ডের ঐ শহরেই প্রথম ডেলটা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঘটেছিল। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেলটা ধরনের সংক্রমণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালানো হচ্ছে। গত ছয় মাসে দেশটিতে এ পর্যন্ত ৭৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেছেন, ‘প্রতিটি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে, কোভিড-১৯ ভাইরাস আমাদের কমিউনিটিতে প্রবেশ করার পর এটি আমাদের কী ধরনের ক্ষতি করতে পারে।’  এএফপি