দ্রুতই বিশ্বকাপের দল ঘোষণা
স্পোর্টস রিপোর্টার
পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে বাকি দলগুলোকেও। গতকাল জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও জানালেন, ২-১ দিনের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।
দলে চমক থাকছে না এটুকু নিশ্চিত। কারণ বর্তমানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের দল থেকেই বেছে নেওয়া হবে বিশ্বকাপ দল। জানা গেছে, চূড়ান্ত দলে থাকবে ১৫ জন ক্রিকেটার। তবে এর বাইরে দুই জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপে নিয়ে যাবে বিসিবি।
বিশ্বকাপ দল সম্পর্কে গতকাল হাবিবুল বাশার বলেছেন, ‘দুবাইয়ের কন্ডিশন কেমন হবে তা আমরা জানি। চূড়ান্ত যে জিনিসটা করার যে আসলে আমরা কি করব পেসার এক জন বাড়তি নেব কি না, স্পিনার কয়জন থাকবেন, বাড়তি কোনো ব্যাটসম্যান থাকবে কি না, সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কালকে (আজ) হবে।’ তিনি আরো বলেন, ‘বিশ্বকাপের আগে খুব একটু সুযোগ নেই সেখানে নতুন কাউকে দেখার। যেহেতু দল ভালো করছে। দু’এক জনের পারফরম হয়তো এত ধারাবাহিক না। যেহেতু দল ভালো করছে এদের ওপরই আমরা বিশ্বাস রাখছি।’
উইকেটের আচরণ, ফর্মহীনতা মিলে খুব বেশি রান দেখা যাচ্ছে না ব্যাটসম্যানদের ব্যাটে। বড় ইনিংসও নেই। হাবিবুল বলছেন, ব্যাটিং নিয়ে চিন্তা কেটে যাবে অচিরেই। তিনি বলেন, ‘বোলিং ভালো হচ্ছে কিন্তু ব্যাটিংয়ে যে একটু ঘাটতি দেখতে পাচ্ছি তা আমার মনে হয় ওমান এবং দুবাইতে খেলব তখন পূর্ণ হয়ে যাবে।’
টানা দুটি টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ জিতলে নিশ্চিত হবে টানা তৃতীয় সিরিজ জয়। হাবিবুল বাশারের মতে, এমন ধারাবাহিক জয়ের কারণেই বিশ্বকাপের বাকি দলগুলোর মধ্যে আলোচনায় থাকবে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা অবশ্যই আমাদের সাহায্য করবে এই যে সিরিজগুলো জিতছি। বিশ্বকাপে যখন বাংলাদেশ যাবে তখন অবশ্যই অন্য দলগুলো বাংলাদেশকে অন্য ভাবে রেট করবে।’
তামিমকে দরকার ছিল মনে করেন হাবিবুল বাশার। একই সঙ্গে এ অভিজ্ঞ ক্রিকেটারের সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছেন তিনি। ব্যাটিংয়ে মুশফিক-সাকিবের বড় ইনিংসের অভাব নিয়েও চিন্তিত নন সাবেক এ অধিনায়ক।
