বিএনপির গণ-আন্দোলনের ডাক হাস্যকর :তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথায় তার দলের নেতাকর্মীরাই সাড়া দেয় না। তার মুখে গণ-আন্দোলনের ডাক শোভা পায় না।’ গতকাল শনিবার রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যুবদল ও ছাত্রদলের কয়েক শ নেতাকর্মী আর কিছু টোকাই নিয়ে যে গণ-অভ্যুত্থানের ডাক দিয়েছেন, তা হাস্যকর। এই ধরনের কথা তারা গত সাড়ে ১২ বছর ধরে বলে আসছেন। আসল কথা হচ্ছে, মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না।’

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এবং সচিব  মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা স্বাগত বক্তা ও প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী এবং নঈম নিজাম আমন্ত্রিত বক্তার বক্তব্য দেন। ‘বাঙালির সব সাহসের উচ্চারণ বঙ্গবন্ধু’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।

পদক প্রদান অনুষ্ঠানে এ বছরের ১০ এপ্রিল প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ারকে প্রেস কাউন্সিলের আজীবন সম্মাননা পদক (মরণোত্তর), দৈনিক জনকণ্ঠ পত্রিকাকে প্রাতিষ্ঠানিক সম্মাননা, চট্টগ্রামের দৈনিক পূর্বকোণকে আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা, গ্রামীণ সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র সাংবাদিক নিজামুল হক বিপুল, উন্নয়ন সাংবাদিকতায় দি নিউজ টুডের সিনিয়র সাংবাদিক মাযহারুল ইসলাম মিচেল, নারী সাংবাদিকতায় দি ডেইলি অবজারভারের বনানী মল্লিক ও ফটো সাংবাদিকতায় বাংলা ট্রিবিউন অনলাইন পত্রিকার মো. সাজ্জাদ হোসেনের হাতে পদক তুলে দেন অতিথিবৃন্দ।