সবুজবাগে পানিতে ডুবে
কিশোরের মৃত্যু
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মিরপুরে এক গার্মেন্টস কর্মী বিষপানে আত্মহত্যা করেছেন। তার নাম সুমাইয়া (১৭)। গত শুক্রবার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। এদিকে শুক্রবার বিকালে সবুজবাগের মানিকদিয়া ক্লাবের পাশে একটি লেকে পানিতে ডুবে ফারদিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সুমাইয়ার প্রতিবেশী আল আমিন জানান, সুমাইয়া পরিবারের সঙ্গে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় থাকত। তাদের বাড়ি নওগাঁ জেলার মান্ডা থানার সাতবাড়ীয়া গ্রামে। সে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। রাতে গোসল করে রুমে গিয়ে শুয়ে পড়ে। তার মা তার কাছে গেলে কীটনাশকের গন্ধ পান। তখন সুমাইয়ার মা জিগ্যেস করলে সুমাইয়া নীরব থাকে। পরে সুমাইয়ার মা কান্নাকাটি শুরু করলে আল আমিন গিয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে বিষপান করেছে সে ব্যাপারে আল আমিন কিছুই জানাতে পারেনি।
এদিকে গত শুক্রবার বিকালে সবুজবাগের মানিকদিয়া ক্লাবের পাশে একটি লেকে ফারদিন তার পাঁচ বন্ধুর সঙ্গে নৌকায় ঘুরতে যায়। পরে নৌকা ডুবে গেলে পাঁচ জন সাঁতরে ওপরে উঠে এলেও ফারদিন ডুবে যায়। অনেকক্ষণ পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই রাব্বি জানান, তার বাবার নাম রফিকুল ইসলাম। তাদের বাসা গোলাপবাগ এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত এই দুই জনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
