পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণ না হওয়া, একই পদে দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ৩য় শ্রেণির কর্মচারীদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একই পদে কাজ করছেন মাঠ প্রশাসনের ১১ হাজারেরও বেশি কর্মচারী। এই বৈষম্যের অবসান চেয়ে দুই দশক ধরে নানাভাবে আন্দোলন করছেন তারা। পদবি ও গ্রেড পরিবর্তনের জন্য তারা প্রধানমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বহুবার। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি। এদিকে সচিবালয়ে সমপদের কর্মচারীদের পদবি ও গ্রেড পরিবর্তন হয়েছে। তবে একই পদে থাকলে ভাগ্য বদলায়নি মাঠ প্রশাসন কর্মচারীদের। প্রধানমন্ত্রী বিষয়টি প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য সারসংক্ষেপ অনুমোদন দিয়েছিলেন। এরপর সচিব কমিটিতে সেটি উপস্থাপনও করা হয়েছিল। তবুও পরিবর্তন আসেনি ৩য় শ্রেণির কর্মচারীদের পদবি ও গ্রেড।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাকাসস কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মকবুলুর রহমান, সহ-সভাপতি আব্দুল মান্নান মিজি, নেছার আহম্মেদ তফদার ও মো. মজিবর রহমান, অতিরিক্ত মহাসচিব শেখ হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল বারেক মোল্লা, বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মচারী সমিতির মহাসচিব কাজী মনিরুজ্জামানসহ অনেকে।—প্রেস বিজ্ঞপ্তি
