তালেবানকে পাকিস্তান সমর্থন ও লালন করে: ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫

পাকিস্তান তালেবানকে সমর্থন এবং তাদের লালন করে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার (৩ আগস্ট) ওয়াশিংটনে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টিভি।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, আফগানিস্তানের প্রতিবেশি পাকিস্তান। তারা তালেবানকে সমর্থন এবং লালন করে। সেখানে বিভিন্ন উপাদান রয়েছে, যা পাকিস্তান দ্বারা সমর্থিত। সুতরাং, তাদের ভূমিকা সেই প্রেক্ষাপটে দেখতে হবে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের লোকেরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়, এমনটা আমি দেখি না। আমরা সেখানে নেই। তার মানে এই নয় যে, আমরা (ভারত) কিছুই করছি না। আফগান ইস্যুতে সক্রিয় থাকা সব দেশের সঙ্গেই আমাদের যোগাযোগ রয়েছে।

আফগান ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্র একই অবস্থায় রয়েছে জানিয়ে এই কূটনীতিক বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতি খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, পশ্চিমা বিশ্ব সমর্থিত নির্বাচিত আফগান সরকারকে হটিয়ে তালেবান ক্ষমতা দখল করার ক্ষেত্রে পাকিস্তানের অন্যতম ভূমিকা ছিল। যদিও এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে ইসলামাবাদ।

ইত্তেফাক/টিএ