আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপি আবোল-তাবোল বকছে। গতকাল শনিবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
‘সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোল তাবোল বকছে’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতানির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল তাবোল বলে যাচ্ছে।’ জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে জবাব পাওয়া যায় না—এমন অভিযোগ করে ওবায়দুল কাদের আবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল-তাবোল বলেন।’
‘সরকার দুর্নীতির কারণে অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’ মর্মে সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে। টিকা নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’
