বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তিন দিনের সরকারি সফরে ভারত গেছেন। গতকাল শনিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়েন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনীর আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্ করবেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও পরিদর্শন করবেন সেনাপ্রধান। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বৈঠক করবেন। সফর শেষে আগামী আট সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।
