নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে ------মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একটি ছোট্ট অংশের বিচার হয়েছে। আত্মস্বীকৃত খুনিদের ফাঁসিতে ঝুলানো হয়েছে। কিন্তু এর পেছনে দেশি-বিদেশি চক্রান্ত ছিল। অনেকে ছিল, যারা চিহ্নিত হয়নি। ইতিহাসের জন্য এদের চিহ্নিত করতে হবে। কারো প্রতি আমাদের ব্যক্তিগত আক্রোশ নেই। ইতিহাসের জন্যই আমরা সঠিক তথ্যটি খুঁজে পেতে চাই। দেশের জন্মের সঠিক ইতিহাস না জানা জাতি বেশি দূর এগোতে পারে না। সেজন্য নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। গতকাল শনিবার ঢাকা ক্লাবে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ     সমিতির দশম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের কথা যেন আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সেজন্য পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য তত্পরতাও নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি বলেন, বিসিএসের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর রাখার জন্য পিএসসিকে কয়েকবার অনুরোধ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের ওপর বিশ্ববিদ্যালয়গুলোকে আরো গবেষণা করারও অনুরোধ  জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন-অর-রশীদ বীর প্রতীক, শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম ও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খোন্দকার মসিউজ্জামান। মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা-কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মুসা এতে সভাপতিত্ব করেন।