দেশে করোনা ভাইরাসে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১২ সপ্তাহ পর ২ হাজারের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৩৭ জন কোভিড রোগী শনাক্তের কথা শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১২ জুনের পর এক দিনে এত কম রোগী আর শনাক্ত হয়নি। সেদিন ১ হাজার ৬৩৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। নতুন রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। এই সংখ্যাও ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। গত ১৬ জুনের পরে দিনে এত কম মৃত্যু আর হয়নি। সেদিন ৬০ জনের মৃত্যুর খবর এসেছিল। নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৯৩। সরকারি হিসাবে গত এক দিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ৪২১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন। সেই হিসাবে এই মুহূর্তে দেশে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ৩৯ হাজার ৫৩০, যা জুলাই-আগস্ট মাসের অধিকাংশ সময় লাখের বেশি ছিল। গত এক দিনে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত রোগীর হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৭৬ শতাংশ ছিল। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৮৭৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে ৬১ জনের মৃত্যুর মধ্যে ৩০ জন ছিলেন পুরুষ এবং ৩১ জন নারী। এ নিয়ে নবমবারের মতো দৈনিক মৃত্যুতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হলো।
করোনায় আক্রান্ত ৯৪০১ স্বাস্থ্যকর্মী
দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪০১ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিত্সকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। শনিবার বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএমএ জানায়, মোট আক্রান্ত হওয়া ৯ হাজার ৪০১ জনের মধ্যে চিকিত্সক ৩ হাজার ১১০ জন, নার্স ২ হাজার ২৭৩ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪ হাজার ১৮ জন।
