পায়রা সেতুর রাতের সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৯

বাংলাদেশের দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের লেবুখালীর পায়রা সেতুতে ৩১ অক্টোবরের মধ্যে যানবাহন চলাচলের জন্য দিনরাত কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। লেবুখালীর পায়রা নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষে এখন চলছে সৌন্দর্যবর্ধনের আনুষঙ্গিক কাজ। আলোকসজ্জা ও পিচ ঢালাইয়ের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। বেশির ভাগ লাইট পোস্টের কাজ শেষ হয়ে যাওয়ায় রাতের বেলায় পায়রা সেতুতে অন্যরকম এক সৌন্দর্য ধরা দেয়। আর পায়রা সেতুর রাতের সৌন্দর্য দেখতে এখানে সন্ধ্যার পর ভিড় করেন অনেক দর্শনার্থী।

পায়রা সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওএফআইডি) যৌথ অর্থায়নে ১ হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড। কার্যাদেশে সেতু নির্মাণে ৩৩ মাস সময় বেঁধে দেওয়া হলেও দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তবে দ্বিতীয় দফার নির্ধারিত সময়ের আগে আগামী অক্টোবর মাসের মধ্যে সেতু চালু করতে তত্পরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।