ইজিবাইক চুরির অভিযোগে পানিতে চুবিয়ে নির্যাতনের শিকার জিসান মিয়া (১৬) নামে এক কিশোর গত শুক্রবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। গাজীপুরের জয়দেবপুর থেকে একটি ইজিবাইক চুরির অভিযোগে তাকে মারধর এবং পানিতে চুবানো হয় বলে জানা যায়। নিহত জিসান মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর গ্রামের আবদুস সামাদের ছেলে। জিসানের মা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে ভবানীপুর বাজারে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা।
গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাছিম আহমেদ জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানা থেকে বিষয়টি তাদের জানানো হয়েছে। কিশোরের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল মর্গে আছে। ঐ কিশোরের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেননি। যোগাযোগ করলেই ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
