লালবাগে শিশু হকারকে ডেকে গলা কেটে হত্যা, আদাবরে ব্যবসায়ী খুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

পুরান ঢাকার লালবাগ এলাকার একটি বাসার ছাদ থেকে হাফিজ নামে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে লালবাগের ডুরী আঙুরী লেনের ৪৭/১ নম্বর বাসার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, স্থানীয় কয়েক জন কিশোর ডেকে নিয়ে হাফিজকে গলা কেটে হত্যা করেছে। পুলিশ বলছে, হত্যার পর লাশটি গুম করার চেষ্টা করা হয়েছে। তবে, হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া           যায়নি। এ ঘটনায় পুলিশ নিহত কিশোরে চার বন্ধুকে আটক করা হয়েছে।

অপরদিকে, আদাবরের শেখেরটেক এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শুক্রবার রাতে শেখেরটেকের সাত নম্বর সড়কে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ রাড়ি খাল এলাকার হারুন শেখের ছেলে। সে পরিবারের সঙ্গে ডুরী আঙুরী লেনের একটি বাড়িতে ভাড়া থেকে নিউমার্কেট এলাকায় হকারি করত। নিহতের বাবা রিকশাচালক হারুন শেখ জানান, তিন ভাই এক বোনের মধ্যে হাফিজ ছিল ছোট। বৃহস্পতিবার বিকালে বাসার সামনে খেলা করছিল সে। তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকালে জানতে পারি একটি বাসার ছাদে কে বা কারা তার ছেলেকে জবাই করে হত্যা করেছে । নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় ইরফান, হূদয়, রিফাতসহ চার-পাঁচ জন কিশোর হাফিজকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করেছে। তবে, কী কারণে এ ঘটনা ঘটল সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা। লালবাগ থানার এসআই শেখ ফিরোজ আলম জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির লালবাগ জোনের এডিসি হাফিজ আল আসাদ জানান, হাফেজ নিহতের ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তারা সবাই খুনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এদিকে আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী আব্দুল আজিজের সঙ্গে কয়েক জনের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে আজিজকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গুরুতর অবস্থায় শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে।

এ ঘটনায় নিহতের বাবা মো. দুলাল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে জয় নামে এক জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।