শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যেসব শিক্ষার্থী ক্লাস থেকে বঞ্চিত হয়েছে, তাদের সুনির্দিষ্ট পরিকল্পনায় রিমিডিয়াল ক্লাসেস (প্রতিকারমূলক পাঠদান) করানো হবে। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘করোনাকালীন যখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন আমরা বিকল্প হিসেবে টেলিভিশন এবং অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছিলাম। যখন দেখেছি তার মধ্যেও একটি সংখ্যক শিক্ষার্থী অনলাইন বা টেলিভিশন দেখার সুযোগ ছিল না, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল, তখন আমরা এসাইনমেন্টের ব্যবস্থা করেছি। এসাইনমেন্টের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। তারপরেও শ্রেণি কক্ষের মতো এই ব্যবস্থা একেবারে ষোলআনা বিকল্প নিশ্চয়ই করতে পারিনি। কোথাও কোথাও ঘাটতি রয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ, প্রধান মত্স্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিছুর রহমানসহ আরো অনেকে।
সভায় সব স্তরের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে একই দিন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনের মোলহেডে বঙ্গবন্ধুর নামে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার উদ্যোগে নির্মিতব্য বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র উদ্বোধনকালে মন্ত্রী বলেন, চাঁদপুর বড় স্টেশনে ঐতিহাসিক ত্রিনদীর মোহনায় বঙ্গবন্ধুর নামে একটি মনোরম পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে এবং তা অবশ্যই রেল মন্ত্রণালয়ের সহযোগিতায়।
