যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলা বা ৯/১১ হামলার তদন্তের পূর্ণাঙ্গ চিত্র এবং গোপনীয় প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেস এবং ঐ হামলায় আক্রান্তদের পরিবারের প্রবল চাপের মুখে এই নির্দেশ দিয়েছেন তিনি। ঐ হামলায় আক্রান্তদের স্বজনরা মনে করেন আল-কায়েদার ঐ সন্ত্রাসী হামলায় সৌদি আরবের সহায়তা ছিল।
আলজাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার এফবিআইর তদন্তের প্রতিবেদন প্রকাশের জন্য এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন জো বাইডেন। ঐ আদেশে তিনি বলেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকী সামনে রেখে এই হামলা সম্পর্কে সরকার যা জানে তার পূর্ণ চিত্র জানার অধিকার মার্কিনিদের রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণ রেকর্ড প্রকাশ করতে হবে। তবে অতি গোপনীয় কিছু থাকলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসীরা তিনটি প্লেন ছিনতাই করে। এর মধ্যে দুটি প্লেন নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (টুইন টাওয়ার) হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাত্ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। পরে জানা যায়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। এ ঘটনায় সৌদি সরকার বা কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ।
হামলায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরেই এফবিআই তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করা হচ্ছে। গত মাসে তারা এক চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনকে এই প্রতিবেদন প্রকাশ না করলে ৯/১১ এর অনুষ্ঠানে যোগদান করা থেকে বিরত থাকার আহ্বান জানান। বাইডেন বলেন, নির্বাচনের আগে আমি ৯/১১ হামলার প্রতিবেদন নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঐ ঘটনার ২০তম বার্ষিকীর আগে আমি সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছি।
এদিকে জো বাইডেন বলেছেন, করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে মার্কিন অর্থনীতি যেখানে থাকার কথা ছিল, সেখানে পৌঁছায়নি। তবে আমাদের পরিকল্পনা কাজ করছে। যুক্তরাষ্ট্র আবার এগিয়ে যাচ্ছে। অন্য লোকটি গত নির্বাচনে নির্বাচিত হলে অর্থনৈতিক পরিস্থিতি আরো নাজুক হতো। শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। আগস্টে মার্কিন চাকরির বাজারের হতাশাজনক প্রতিবেদন আসার পরও বাইডেন দাবি করেন, করোনার ডেলটা ধরনের সংক্রমণ কর্মসংস্থান সৃষ্টির অন্তরায় হয়ে উঠেছে। তবে মার্কিন অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তার ফল পাওয়া যাচ্ছে।
অন্যদিকে শুক্রবার হারিকেন আইডায় ক্ষতিগ্রস্ত লুইজিয়ানা সফর করেন বাইডেন। এই ঘূর্ণিঝড় ও বন্যায় এখন পর্যন্ত প্রায় ৫০ মার্কিনির মৃত্যু হয়েছে
