রেকর্ডের দুয়ারে সাকিব

আজই সিরিজ জিততে চায় বাংলাদেশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান। একের পর এক অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচেও সাকিবের সামনে আছে নতুন অর্জনের হাতছানি। আর একটি উইকেট পেলেই আন্তর্জাতিক টি-২০-এর ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি লাসিথ মালিঙ্গার (১০৭) পাশে নাম লেখাবেন সাকিব (১০৬)।

২ উইকেট পেলে রেকর্ডটা নিজের করে নেবেন তিনি। সমানসংখ্যক উইকেট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ৬০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করবেন সাকিব। আজ মাহমুদউল্লাহ রিয়াদও বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-২০ খেলবেন।

দুই সিনিয়রের সঙ্গে      আজ অর্জনের সুযোগ আছে বাংলাদেশ দলের সামনেও। টানা দুটি জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে টাইগাররা। আজ জিতলেই দুই ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকেরা। সেই লক্ষ্যেই সিরিজের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

প্রথম ম্যাচে অনায়াসেই জিতেছিল মাহমুদউল্লাহ বাহিনী। উইকেট একটু ভালো হওয়ায় দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়েছিল নিউজিল্যান্ড, যদিও ম্যাচটা হেরে গেছে তারা। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের মিশন। আগের দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে আজই সিরিজ জেতার লক্ষ্যে অটুট টাইগার শিবির।

গতকাল ঐচ্ছিক অনুশীলনের পর তাইজুল ইসলাম বলেছেন, ‘সামনে আরেকটা ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।’