প্রয়াত আলী আশরাফের ছেলে মুনতাকিম উপজেলা আওয়ামী লীগের প্রার্থী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মুনতাকিম আশরাফ টিটুকেই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ।

মুনতাকিম আশরাফ টিটু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য।

গতকাল শনিবার বিকালে চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করে আওয়ামী লীগ নেতারা। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় প্যাডে ঐ একক প্রার্থীর নাম পাঠাচ্ছে উপজেলা আওয়ামী লীগ। এতে স্বাক্ষর করেছেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

গত ৩০ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপির মৃত্যু হলে ঐ আসনটি শূন্য হয়। ২ সেপ্টেম্বর ঐ আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।