শবাচিমের করোনা ওয়ার্ডে সাড়ে ৩ মাস পর মৃত্যু শূণ্যের কোটায়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে রোগী মৃত্যুর সংখ্যা শূন্যতে নেমেছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর স্বস্তি ফিরেছে শেবাচিমের করোনা ওয়ার্ডে। গতকাল শনিবার পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ৭৬ জন রোগী। এদিকে মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার গত কয়েক দিন ধরে ১০ এর আশপাশে রয়েছে।

মেডিক্যালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিল ৭৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিত্সায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে আট জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় চিকিত্সাধীন অবস্থায় কোনো রোগী মারা যায়নি। সর্বশেষ গত ঈদুল ফিতরের পর দিন ১৫ মে রোগী মৃত্যু শূন্য ছিল শেবাচিমের করোনা ওয়ার্ডে।