কুমিল্লা-৭ উপনির্বাচন

প্রথম দিনেই নৌকার মনোনয়নের জন্য ৩ জনের আবেদনপত্র সংগ্রহ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন তিন জন নেতা। তারা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল মিঞা। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ছাড়াও রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ, নরসিংদী সদর উপজেলা, নেত্রকোনা জেলার খালিয়াজুরি, চাঁদপুর জেলার শাহরাস্তি, যশোর সদর উপজেলা, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, বাগেরহাট জেলার কচুয়া, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তপশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা দিতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।