সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০১

সিদ্ধিরগঞ্জে দিনেদুপুরে গুলি করে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পথচারী। গতকাল শনিবার দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় পিডিকে সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ঢাকার মতিঝিল এলাকার একটি মানি এক্সচেঞ্জ কেন্দ্র থেকে ২৫ লাখ টাকা তুলে তার চাচাতো ভাই মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আড়াইহাজার যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা দিই। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছলে চারটি মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী আমাকে ঘেরাও করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি পাম্পের সামনে যাওয়ার পর ছিনতাইকারীরা আমাকে ধরে ফেলে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় আমি চিত্কার করলে একজন মোটরসাইকেল আরোহী পথচারী এগিয়ে এলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি ঐ পথচারীর হাঁটুতে লাগলে তিনি সড়কে পড়ে যান। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত পথচারীর নাম নাঈম হোসেন (২৪) বলে জানা গেছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ও ওসি তদন্ত সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ওসি মশিউর রহমান জানান, ছিনিয়ে নেওয়া চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে। টাকা ও ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে। কোথায় থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে জানতে চাইলে তদন্তের স্বার্থে তিনি তা জানাতে চাননি।