গাজীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের পর হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম মো. সোলায়মান আলী (২২)। তিনি নীলফামারীর ডিমলা থানার পূর্ব খড়িবাড়ি গ্রামের মো. নূর হোসেনের ছেলে। তাকে গত বৃহস্পতিবার ঐ এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শনিবার পিবিআইয়ের এসআই মোশারফ হোসেন জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মধ্য পানজোরা এলাকা থেকে গত বছর ২৩ জুন সকালে মানসিক ভারসাম্যহীন নারী তাহমিনা (২৫) নিখোঁজ হন। পরে গত ২৫ জুন নগরভেলা এলাকায় সাহুরঘাট নামক স্থানে বালু নদী হতে অজ্ঞাতনামা হিসেবে ঐ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বোন জাহানারা ঐ দিন তাহমিনার লাশ শনাক্ত করেন। এ ঘটনায় ঐ মানসিক ভারসাম্যহীন নারী পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করে কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়। পরবর্তী সময় মামলা তদন্তকালে নিহতের ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে ঐ নারীকে ধর্ষণের পর পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় হত্যা মামলা হয়।
মামলাটি পিবিআই তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. সোলায়মান আলীকে গত বৃহস্পতিবার নীলফামারী থেকে গ্রেফতার করে। তাকে শুক্রবার গাজীপুর আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
