বক্তব্য নিয়ে দ্বন্দ্ব, কালিয়াকৈরে বিএনপির আলোচনাসভা পণ্ড

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০২

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে সন্ধ্যায় আলোচনাসভা পণ্ড হয়ে গেছে বলে জানা যায়।

বিএনপি সূত্রে জানা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিতে না দেওয়ায় বিএনপির সদস্য শাহ আলম হট্টগোল শুরু করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভির আহম্মদ সিদ্দিকির পুত্র ইরাদ আহাম্মদ সিদ্দিকী, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ। সভায় উপস্থিত লোকজন বিষয়টি নিশ্চিত করলেও পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন বিষয়টি কৌশলে এড়িয়ে যান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বিএনপির ঐ সভায় উপস্থিত ছিলেন না বলে জানান।