সাটুরিয়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় প্রভাষককে গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মালশী গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় গত শুক্রবার দিবাগত রাতে মো. শাহিনুর ইসলাম (৩০) নামে এক কলেজশিক্ষককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় চিত্কার শুনে এলাকাবাসী গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা গুরুতর দেখে চিকিত্সক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি এই হামলার ঘটনা ঘটিয়ে তার বাড়িতে ডাকাত পড়েছে বলে ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে থানার পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মালশী গ্রামের মুন্সি মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেনের সঙ্গে একই গ্রামের এক নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছে। এ পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান পাশের বাড়ির মৃত শুকুর আলীর ছেলে কহেলা রাজাপুর কলেজের প্রভাষক মো. শাহিনুর ইসলাম। পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে নিজ বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তার গলাসহ পেটের সাত-আট স্থানে  ছুরিকাঘাত করা হয়। এ ব্যাপারে গতকাল শনিবার আহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। এ ব্যাপারে থানার ওসি আশরাফুল আলম জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’