করোনা মোকাবিলায় ভারত বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে -------ভারতীয় হাইকমিশনার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০৩

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, মহামারি করোনা থেকে কাটিয়ে উঠতে বাংলাদেশকে টিকা, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স দিয়ে সহাযোগিতা করছে ভারত সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে চমত্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়েও ভারত সরকার বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর শহিদ রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, রণদা প্রসাদ সাহা ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক ও মহামানব। তিনি স্বাস্থ্য, চিকিত্সা, শিক্ষা ও বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলে মানব কল্যাণে বিরল দৃষ্টান্ত রেখে গেছেন। যার সুফল ভোগ করছেন দেশের ও এলাকার অসহায় মানুষ। আরপি সাহার পরিবার সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো ধরে রেখেছে। এসব প্রতিষ্ঠানের পরিবেশ, নিয়মশৃঙ্খলা, সাংস্কৃতিক চর্চা ও চিকিত্সা সেবার মান দেখে আমি অভিভূত। ভারত সরকারের পক্ষ থেকে তিনি এসব সেবাধর্মী প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিসেস দীপ্তি এলানহার্ট, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্র অব বেঙ্গল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সদ্দি, পরিচালক শ্রীমতি সাহা, মহাবীর পতি ও সম্পা সাহা, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।