ভারতের পশ্চিমবঙ্গে গত মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জিতেছিল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। চার মাসের ব্যবধানে সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ৭১-এ। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার তৃণমূল আঘাত হেনেছে উত্তরের বিজেপি ঘাঁটিতে। কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় ফিরেছেন তৃণমূলে। শনিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন সৌমেন। এর আগে গত সপ্তাহের সোমবার তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, মঙ্গলবার তৃণমূলে ফেরেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিত্ দাস।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সৌমেন। বিজেপির টিকিটে কালিয়াগঞ্জ থেকে বিধায়কও হন। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের পর ‘মোহভঙ্গ’ পর্ব শুরু হয়। গত জুনে উত্তর দিনাজপুর জেলার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর সৌমেনের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
শনিবার তৃণমূলে ফিরে তিনি বলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে বাংলার ঘরে ঘরে উন্নয়ন চলছে, তাতে সামিল হতেই তৃণমূলে ফিরে এসেছি। মধ্যে যে সময়টুকু ছিলাম না, সেটা আমার ভুল। আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি কখনো বিজেপি করিনি।
আগেই দিনহাটা এবং শান্তিপুর আসন ছেড়ে দিয়েছেন বিজেপি এমপি নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। ফলে আপাতত বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭১।
