জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ। জর্ডানের রাজধানী আম্মানে তাদের দেখা হয়েছে। তবে তার এই সাক্ষাতের ঘটনা অনানুষ্ঠানিক ছিলো। ইসাক হেরজগ নিজেই এই তথ্য জানিয়েছেন বলে নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
খবরে বলা হয়, এর আগে এ সাক্ষাতের বিষয়ে দুইদেশ থেকে কোনো ঘোষণা আসেনি। দুইদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তাদের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ
গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে আমার সঙ্গে জর্ডানের রাজার দেখা হয়েছে। আমাদের দীর্ঘ আলাপ হয়েছে। আমি পুরো সন্ধ্যা তার প্রাসাদে চিলাম। আমাদের মধ্যে চমৎকার একটি বৈঠক হয়েছে।
এরপর হেরজগের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ জর্ডান। রাজা দ্বিতীয় আব্দুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। তিনি একজন মহৎ নেতা এবং ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ একজন শাসক।
এর আগে গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আম্মান সফরে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সে সময় তিনি রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। তার এই সফরে ইসরায়েল এবং জর্ডানের মধ্যে পানি ও বাণিজ্য বিষয়ে দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ইত্তেফাক/টিআর
